করোনা ভাইরাস সংক্রমণরোধে সরকারের নির্দেশনা অমান্য করায় ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ১৯ জনকে ২০ হাজার ৮৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম সালাউদ্দিন মনজু।
করোনা ভাইরাস (কোভিড-১৯) নিয়ন্ত্রণে সারাদেশে ৫ই এপ্রিল (সোমবার) থেকে দ্বিতীয় দফা লকডাউন ঘোষণা করে সরকার। ঢিলে ঢালা এক সপ্তাহের লকডাউনে সংক্রমণ নিয়ন্ত্রণ না হওয়ায় ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক কঠোর লকডাউনের সিদ্ধান্ত নেয়া সরকার। যেখানে জরুরী সেবা ব্যতীত বন্ধ থাকবে সব কিছু।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। প্রতিদিনই উপজেলার বাগমারা, বক্সনগর, কোমরগঞ্জ, শুরগঞ্জসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু।
তিনি সাংবাদিকদের বলেন, সরকারি নির্দেশনা না মেনে নির্ধারিত সময়ের পর দোকানপাট খোলা এবং সড়কে ঘোরাফেরা ও মোটরসাইকেল চলাচলের দায়ে আজ বিকেলে ১৯ জনকে ২০ হাজার ৮৫০ টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। এছাড়াও জনসচেতনতার লক্ষ্যে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
করোনা সংক্রমণ রোধে সকলকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হলেই আইনী ব্যবস্থা নেওয়া হবে বলেন ইউএনও।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।