পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত দুই রুশ নাগরিকের মৃত্যু হয়েছে।
শনিবার (০৫ ফেব্রুয়ারি) সকালে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
শুক্রবার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে রূপপুরে বিদেশিদের জন্য নির্মিত ‘গ্রিনসিটি’ আবাসিক প্রকল্পের বহুতল ভবনের ভেতরে এই মৃত্যুর ঘটনা ঘটে।
পুলিশ বলছে, মৃত দুই রুশ নাগরিকের মধ্যে একজন মদ্যপ অবস্থায় সিঁড়ি থেকে পড়ে ও অপরজন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ট্রেস্ট রোসেম (Trest Rosem) নামে রুশ সাব-ঠিকাদারি প্রতিষ্ঠানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রুশ নাগরিক চুকিন পাভেল (৪৮) হার্ট অ্যাটাকে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে গ্রিনসিটি আবাসিক থেকে ঈশ্বরদী উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্স আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে রাত ২টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের এস এম ইউ-১ নামে আরেকটি সাব-ঠিকাদারি প্রতিষ্ঠানের ইন্সটলার ও রুশ নাগরিক তলমাসেফ ভাইয়াসেলভের (৫৯) গ্রিনসিটির ১২ নম্বর আবাসিক ভবনের ১৩ তলার ১৩১ নম্বর ফ্লাটে বসবাস করেন। রাতে তিনি ১৪ তলা থেকে সিঁড়ি বেয়ে নামার সময় নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি মদ্যপ অবস্থায় হাঁটার সময় হঠাৎ সিঁড়ি থেকে পড়ে অজ্ঞান হন। পরে কোম্পানির নিজস্ব ডাক্তার তাঁকে মৃত দেখতে পান।
পরে দু’জনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারি পরীক্ষার জন্য প্রেরণ ও লাশ উদ্ধার করা হয়।
চিকিৎসকের বরাত দিয়ে রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস বলেন, ধারণা করা হচ্ছে দুইজনের মধ্যে একজন হৃদরোগে আক্রান্ত হয়ে এবং আরেকজন সিঁড়ি থেকে পা ফসকে পড়ে তাদের মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ময়নাতদন্ত শেষে লাশ দূতাবাসের মাধ্যমে নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।