
ঢাকার নবাবগঞ্জে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
বুধবার (২৫ নভেম্বর) দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক উন্নয়ন, ড্রেন নির্মাণ ও স্বাস্থ্যসেবা খাতের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমে অংশ নেন।
সকাল ১১টায় নবাবগঞ্জ উপজেলার চূড়াইন ইউনিয়নের মুসলিমহাটি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। পরে আগলা ইউনিয়নের কালুহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কে ডিভাইডার স্থাপন কার্যক্রমে অংশ নেন তিনি।
দুপুর ১২টায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
এ সময় খন্দকার আবু আশফাক বলেন, দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষ যাতে বিনামূল্যে ও স্বল্প খরচে মানসম্মত স্বাস্থ্যসেবা পেতে পারেন, সে লক্ষ্যে সরকারি হাসপাতালগুলোর অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিত প্রচেষ্টায় সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে। চিকিৎসার জন্য যেন এলাকার মানুষকে দূর-দূরান্তে ছুটতে না হয়, সেটিই আমাদের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে স্বাস্থ্য খাতের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।
পরে দুপুর সাড়ে ১২টায় মাঝিকান্দা ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেন সংসদ সদস্য। এরপর দোহারের চরলটাখোল সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করেন তিনি। এ ছাড়া নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যক্তিগত উদ্যোগে রোগীদের ব্যবহারের জন্য অতিরিক্ত বেডসেট হস্তান্তর করেন।
দিনের কর্মসূচির শেষ পর্যায়ে দোহার পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জয়পাড়া চত্বরে আয়োজিত সন্ত্রাস, নৈরাজ্য ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে মিছিলে অংশ নেন খন্দকার আবু আশফাক।
এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন খন্দকার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রবিউল ইসলাম, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হানিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।