
ভারতের আগ্রার ঐতিহাসিক তাজমহল দেখতে গিয়ে নামের মিলের কারণে হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন বাগেরহাটের মোংলার বাদল ফরাজি। এরপর ভারতের কারাগারে ১০ বছর এবং বাংলাদেশে আরও ৮ বছরসহ টানা ১৮ বছর কারাভোগের পর অবশেষে চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকার কাশিমপুর কারাগার থেকে পুলিশি প্রহরায় তাকে মোংলায় নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। পথে তাকে বাগেরহাট জেলা কারাগারের কার্যালয়ে নেওয়ার কথা রয়েছে। সেখান থেকে তাকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হবে।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০০৮ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারত ভ্রমণে যান বাদল ফরাজি। বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর একটি হত্যা মামলায় নামের মিল থাকায় দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করে।
ওই মামলায় বাদল সিং নামে এক ব্যক্তি বৃদ্ধকে হত্যার অভিযোগে পলাতক আসামি ছিলেন। নামের মিলের কারণে মোংলার বাদল ফরাজি ওই মামলায় গ্রেপ্তার হন। পরবর্তী সময়ে ভারতের আদালতে দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ডে দণ্ডিত হন তিনি।
এরপর ভারতের কারাগারে টানা ১০ বছর কারাভোগ করেন বাদল। পরে দুই দেশের বন্দি স্থানান্তর চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরার পরও কারাগারে আরও আট বছর কাটাতে হয় তাকে। সব মিলিয়ে দীর্ঘ ১৮ বছর কারাবন্দি জীবন পার করেন তিনি।
অবশেষে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হলে তা মঞ্জুর হয়। এর পরিপ্রেক্ষিতে চার সপ্তাহের জন্য মুক্তি পেয়েছেন বাদল ফরাজি।
দীর্ঘ ১৮ বছর পর প্রিয়জনের কাছে ফেরার খবরে মোংলার বাড়িতে আনন্দ ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। বাদলের বৃদ্ধ মা ও পরিবারের অন্যান্য সদস্যরা তার অপেক্ষায় রয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পরিবারের মাঝে ফিরে আসার এই মুহূর্তের অপেক্ষায় রয়েছেন স্বজনরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।