
সুন্দরবনের দুবলার চরে রাস পূর্ণিমা উৎসবে যোগ দিতে যাওয়ার পথে নদীতে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা পুণ্যার্থীবাহী একটি বোটসহ ২৯ জনকে নিরাপদে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (২৩ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি জানান, গত ২১ নভেম্বর রাত ১১টার দিকে রাস পূর্ণিমা উপলক্ষে ডাংমারি ফরেস্ট অফিস থেকে প্রয়োজনীয় পাস সংগ্রহ করে দুবলার চরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে পুণ্যার্থীবাহী একটি বোট। পরদিন ২২ নভেম্বর রাত ৮টার দিকে বোটটি রূপের গাং সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ এর ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে বোটটি নদীতে ভাসতে থাকে এবং বিপাকে পড়েন বোটে থাকা পুণ্যার্থীরা।
এ অবস্থায় বোটে থাকা এক পুণ্যার্থী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।
খবর পাওয়ার পর কোস্ট গার্ড আউটপোস্ট দুবলার সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযানে লইট্টাখালী খাল এলাকা থেকে বিকল বোটসহ ২৯ জন পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। পাশাপাশি তাঁদের পরবর্তী গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, জনসেবায় বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে ২৯ জন পুণ্যার্থীর জীবন রক্ষায় কোস্ট গার্ডের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।