
‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় গিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন নাটক ও চলচ্চিত্রের অভিনেতা সোহেল খান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় তাঁকে। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নাটক ও সিনেমার পরিচিত মুখ অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
হাসপাতালের দেওয়া মৃত্যুসনদ অনুযায়ী, তাঁর মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, বুধবার তাঁর অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে মেকআপ নিয়ে শুটিংয়ের প্রস্তুতিও নিয়েছিলেন তিনি। পরে তাঁকে ডাকতে হোটেলের কক্ষে গিয়ে ইউনিটের এক সদস্য দেখেন, তিনি বিছানায় পড়ে আছেন। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে অন্যদের খবর দেন। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোহেল খানের গ্রামের বাড়ি ঢাকার ধামরাই উপজেলার রাজাপুরে।
অভিনয়জগতে সোহেল খানের পথচলা
মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে পর্দায় যাত্রা শুরু করেন সোহেল খান। পরবর্তীতে ফারুকীর রাজনৈতিক ব্যঙ্গধর্মী জনপ্রিয় ধারাবাহিক ‘৪২০’-এ অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। ২০০৭ সালে প্রচারিত এ ধারাবাহিকে তাঁর সহশিল্পী ছিলেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান জর্জ ও মারজুক রাসেল।
দীর্ঘ অভিনয়জীবনে একক নাটক, ধারাবাহিক ও টেলিছবিতে নিয়মিত কাজ করেছেন তিনি। তাঁর অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘ভালোবাসার যৌথ খামার’ ও ‘নিমন্ত্রণ রইল সবার’।
বড় পর্দায়ও নিজের অভিনয়দক্ষতার পরিচয় দিয়েছেন সোহেল খান। হুমায়ূন আহমেদের ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘দারুচিনি দ্বীপ’, ‘কমন জেন্ডার’, ‘বীর’ ও ‘শান’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ‘দেশা: দ্য লিডার’ সিনেমায় চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। সর্বশেষ ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায় তাঁকে গ্যারেজের মালিকের চরিত্রে দেখা যায়।
‘জংলি’ সিনেমা মুক্তির পর এক সাক্ষাৎকারে সোহেল খান জানিয়েছিলেন, সংস্কৃতিচর্চা হয় এমন কোনো মফস্সল শহরে একটি সিনেমা হল গড়ে তোলার স্বপ্ন দেখতেন তিনি।
তাঁর এই আকস্মিক মৃত্যুতে বাংলা নাটক ও চলচ্চিত্র অঙ্গনে তৈরি হলো এক অপূরণীয় শূন্যতা। অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেওয়া এই অভিনেতাকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করবেন তাঁর সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।