
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘মোকামপাড়া আদর্শ যুব সংঘ’-এর উদ্যোগে তাফসীরুল কোরআন ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
এলাকার মরহুম ব্যক্তিদের রুহের মাগফিরাত ও ঈসালে সাওয়াব উপলক্ষে ২১ নভেম্বর বেলা ২টা থেকে দিবাগত মধ্যরাত পর্যন্ত উপজেলার বালিকান্দী গ্রামের মোকামপাড়া জামে মসজিদের পূর্ব পাশের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশিষ্ট সালিশি ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালনা করেন মোকামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা সাব্বির আহমেদ।
অনুষ্ঠানে পবিত্র কোরআনের আলোকে তাফসির ও গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন হাতিয়া পীর আকিলশাহ নেছারিয়া হাফিজিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি আবু সাঈদ সৈয়দ, বালিকান্দী সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার সুপার হযরত মাওলানা সোলাইমান হেকিম, বালিকান্দী নতুনপাড়া জামে মসজিদের ইমাম হযরত মাওলানা সাব্বির আহমদ, বালিকান্দী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হযরত মাওলানা আব্দুল মতলিব লতিফি এবং মোকামপাড়া জামে মসজিদের ইমাম হযরত মাওলানা হাফিজুর রহমান।
তাফসিরুল কোরআন পর্ব শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ নাশিদ সন্ধ্যা। এতে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের শিল্পী ইয়াসিন হায়দার, আইনুদ্দীন আল আজাদ, ফজলে এলাহী সাকিব, আবির হাসান, মারজান মোহাম্মদ রুহি ও আহনাফ খালিদ ইসলামী সংগীত ও গজল পরিবেশন করেন। পাশাপাশি সিলেটের জনপ্রিয় উর্দু সংগীতশিল্পী সায়নান সায়েমও সংগীত পরিবেশন করেন।
ধর্মীয় আলোচনা ও ইসলামী সংগীতের সমন্বয়ে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং আশপাশের এলাকার ধর্মপ্রাণ দর্শনার্থীরা অংশ নেন।
আয়োজকদের এ উদ্যোগের মধ্য দিয়ে ধর্মীয় মূল্যবোধের চর্চা, ইসলামী সংস্কৃতির বিকাশ এবং সামাজিক সম্প্রীতি জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।