
সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য খানাখন্দ। বৃষ্টি হলেই গর্তে জমে পানি, বাড়ে দুর্ঘটনার ঝুঁকি ও জনদুর্ভোগ। দীর্ঘদিন ধরে এমন বেহাল অবস্থায় পড়ে থাকা সড়ক সংস্কারে কার্যকর উদ্যোগ না দেখে নিজেই কাজে নেমেছেন ৬০ বছর বয়সী রিকশাচালক আব্দুর রাজ্জাক। কোনো ঠিকাদারি কাজ নয়, নেই পারিশ্রমিকের প্রত্যাশা কিংবা কারও আর্থিক সহায়তা। জীবিকার তাগিদে অটোরিকশা চালানোর পাশাপাশি অবসর সময়ে ইট-পাথর সংগ্রহ করে নিজের হাতে সড়কের গর্ত ভরাট করছেন তিনি। তাঁর এই নিঃস্বার্থ উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশংসায় ভাসছেন তিনি।
ঢাকার দোহার উপজেলার জয়পাড়া কলেজ মোড় থেকে দোহার পৌরসভা হয়ে নিকড়া এলাকার আঞ্চলিক সড়কটির দীর্ঘদিনের বেহাল দশা স্থানীয়দের দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। মাঝেমধ্যে জোড়াতালির সংস্কার করা হলেও কিছুদিনের মধ্যেই আবার আগের অবস্থায় ফিরে যায় সড়কটি।
বিশেষ করে বৃষ্টির সময় গর্তে পানি জমে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ক্ষতিগ্রস্ত হচ্ছে অটোরিকশাসহ ছোট যানবাহন, বাড়ছে যাত্রী ও পথচারীদের ভোগান্তি। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্থায়ী সংস্কারের অপেক্ষায় না থেকে প্রায় এক মাস ধরে নিজ উদ্যোগে সড়কের খানাখন্দ ভরাট করছেন আব্দুর রাজ্জাক।
সম্প্রতি উপজেলার দক্ষিণ জয়পাড়া (খাড়াকান্দা) মসজিদসংলগ্ন সড়কে ইট ও পাথরের টুকরো দিয়ে গর্ত ভরাট করতে দেখা যায় তাঁকে। এ সময় প্রিয়বাংলা নিউজ২৪-এর সঙ্গে কথা বলে রাজ্জাক জানান, নিকড়া বেপারী বাড়িসংলগ্ন সড়ক থেকে তিনি সংস্কারকাজ শুরু করেছেন। পর্যায়ক্রমে জিএম পুকুরপাড়সংলগ্ন সড়ক পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে তাঁর।
নিজের উদ্যোগে সড়ক সংস্কারের জন্য রাস্তার পাশে পড়ে থাকা ইট ও পাথরের টুকরো সংগ্রহ করেন তিনি। এরপর সেগুলো দিয়ে নিজ হাতে গর্ত ভরাট করেন। এ কাজের জন্য কারও কাছ থেকে কোনো অর্থ নেন না তিনি। সারাদিন অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহের পর যতটুকু সময় পান, তার একটি অংশ ব্যয় করছেন মানুষের চলাচলের পথ কিছুটা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে।
আব্দুর রাজ্জাকের ভাষ্য, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থা। অথচ এ সড়ক দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ প্রতিদিন অসংখ্য মানুষ চলাচল করেন। খানাখন্দের কারণে অটোরিকশা ও অন্যান্য ছোট যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে, যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসব বিষয় বিবেচনা করেই নিজের সামর্থ্য অনুযায়ী সড়ক মেরামতের উদ্যোগ নিয়েছেন তিনি। একই সঙ্গে সড়কটির সংস্কার নিয়ে পৌরসভার দায়িত্বশীলদের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই রিকশাচালক।
ব্যক্তিগত জীবনেও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দিন কাটছে আব্দুর রাজ্জাকের। তাঁর বাড়ি রাজবাড়ী জেলার পাংশা থানার উত্তর হাবাসপুর এলাকায়। প্রায় ৩৫ বছর ধরে পরিবার নিয়ে দোহারের ইউসুফপুর গ্রামে বসবাস করছেন তিনি। চার সন্তানের জনক রাজ্জাকের স্ত্রী কয়েক বছর আগে ইউসুফপুরের ভাড়া বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এরপর থেকে চার সন্তানকে নিয়ে জীবনসংগ্রাম চালিয়ে যাচ্ছেন তিনি।
তাঁর বড় মেয়ে তাসলিমার বয়স ৩০ বছর, বড় ছেলে রাসেলের ২৫, মেয়ে সুরাইয়ার ১৯ এবং ছোট ছেলে রায়হানের বয়স ১৫ বছর। দুই মেয়ের বিয়ে দিয়েছেন নিজ জেলা রাজবাড়ীতে। বড় ছেলে তাঁর সঙ্গে দোহারে থেকে ছোট অটোরিকশা চালান। আর ছোট ছেলে কুষ্টিয়ার একটি মাদ্রাসায় থেকে পড়াশোনা করছে।
সংসারের নানা সংকট ও সীমাবদ্ধতার মধ্যেও জনসাধারণের দুর্ভোগ লাঘবে আব্দুর রাজ্জাকের এমন উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়দের মতে, একজন সাধারণ রিকশাচালকের নিজ উদ্যোগে জনসাধারণের ব্যবহৃত গুরুত্বপূর্ণ সড়ক মেরামতে এগিয়ে আসা নিঃসন্দেহে মানবিক ও অনুকরণীয় দৃষ্টান্ত। তবে এই ঘটনা একই সঙ্গে সড়কটির স্থায়ী সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব ও কার্যকর উদ্যোগের প্রয়োজনীয়তাও সামনে এনেছে।
গত ১৬ নভেম্বর (সোমবার) আব্দুর রাজ্জাকের সড়ক সংস্কারের কাজ ও বক্তব্য নিয়ে একটি ভিডিও প্রকাশ করে প্রিয়বাংলা নিউজ২৪। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর নিঃস্বার্থ উদ্যোগের প্রশংসা করেন। অনেকে তাঁর মানবিকতার প্রশংসা করার পাশাপাশি জীবনসংগ্রামের প্রতি শ্রদ্ধা জানান।
একজন সাধারণ রিকশাচালক নিজের শ্রম ও সামর্থ্য দিয়ে জনদুর্ভোগ কমানোর চেষ্টা করছেন—এটি নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে জনসাধারণের ব্যবহৃত সড়ক সংস্কারের স্থায়ী দায়িত্ব কোনো ব্যক্তির একার নয়। আব্দুর রাজ্জাকের উদ্যোগ সাময়িকভাবে গর্ত ভরাট করে চলাচলে কিছুটা স্বস্তি দিতে পারে, কিন্তু নিরাপদ ও টেকসই সড়ক নিশ্চিত করতে প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিকল্পিত, মানসম্মত ও স্থায়ী সংস্কার।
রাজ্জাকের এই মানবিক উদ্যোগ কেবল প্রশংসার মধ্যেই সীমাবদ্ধ না রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটিয়ে সড়কটি স্থায়ীভাবে সংস্কার করা হবে—এমন প্রত্যাশা এখন স্থানীয় বাসিন্দাদের।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।