
ঢাকার নবাবগঞ্জের সাদাপুর প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের শুভ বিদায়, প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রুবেল তালুকদার।
এতে উপস্থিত ছিলেন সাদাপুর প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন অবসরপ্রাপ্ত শিক্ষক আলী আহম্মেদ স্যার, প্রধান শিক্ষিকা সালমা আক্তার, অভিভাবক প্রতিনিধি সদস্য আব্দুল কাদের মামুন, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হোসেন সুজনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। পাশাপাশি প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় বক্তারা শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য কামনা করেন। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে তাঁরা বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি মোঃ রুবেল তালুকদার বলেন, শিক্ষার্থীদের অর্জন বিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। আজ যারা বিদ্যালয় থেকে বিদায় নিচ্ছে, তাদের আগামী দিনের পথচলা সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক। একই সঙ্গে বিদ্যালয়ের সব শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় তিনি শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।
এক আনন্দঘন ও আবেগঘন পরিবেশে বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা এবং কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।