দেশের প্রতিটি জেলায় সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি করে আধুনিক মন্দির নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রকল্প দলিল প্রণয়নের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনে সংসদ সদস্যের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
সংসদে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম জানতে চান, ধর্মীয় সম্প্রীতির দেশ বাংলাদেশে প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি করে মন্দির নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে কি না। পরিকল্পনা থাকলে তা কবে নাগাদ বাস্তবায়ন করা হবে?
জবাবে ধর্মমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলায় একটি করে আধুনিক মন্দির নির্মাণের লক্ষ্যে প্রকল্প দলিল প্রণয়নের কাজ চলমান রয়েছে।
সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের প্রতিটি জেলায় সনাতন ধর্মাবলম্বীদের জন্য আধুনিক ধর্মীয় উপাসনালয় নির্মাণের সুযোগ তৈরি হবে। তবে প্রকল্পের ব্যয়, বাস্তবায়নকাল ও নির্মাণকাজ শুরুর সম্ভাব্য সময় সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি মন্ত্রী।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।