শীতের শুরুতেই অনেকের গলায় খুসখুস, শুষ্ক কাশি ও গলাব্যথার সমস্যা দেখা দেয়। বাতাসের ধুলাবালি, দূষণ ও বিভিন্ন ধরনের ধোঁয়ার কারণে এ অস্বস্তি আরও বাড়তে পারে। এমন পরিস্থিতিতে গরম পানীয় পান করলে গলায় সাময়িক আরাম পাওয়া যায়। দুধ, ঘি, বেসন ও কয়েকটি মসলা দিয়ে তৈরি বেসনের শিরা হতে পারে এমনই একটি উষ্ণ পানীয়।
বেসন, দুধ, ঘি ও গুড়ের সমন্বয়ে তৈরি এই পানীয়ের স্বাদ অনেকটা পাতলা হালুয়ার মতো। এর সঙ্গে এলাচ, গোলমরিচ ও সামান্য হলুদ যোগ করলে স্বাদ ও সুগন্ধ দুটোই বাড়ে। গরম অবস্থায় ধীরে ধীরে পান করলে গলার শুষ্কতা ও খুসখুসে ভাব থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে। পাশাপাশি দুধ ও বেসন থেকে কিছু পুষ্টি উপাদানও পাওয়া যায়।
প্রথমে একটি কড়াইয়ে ঘি গরম করে তাতে বেসন দিয়ে কম আঁচে ভালোভাবে ভাজতে হবে। বেসনের রং সোনালি হয়ে এলে এবং বাদামের মতো সুগন্ধ বের হলে ধীরে ধীরে পানি মেশাতে হবে।
এ সময় ক্রমাগত নাড়তে হবে, যাতে বেসনে কোনো দলা তৈরি না হয়। এরপর দুধ দিয়ে মিশ্রণটি ভালোভাবে নেড়ে মসৃণ করে নিতে হবে।
এবার এতে এলাচগুঁড়া, গোলমরিচগুঁড়া ও হলুদ দিয়ে কম আঁচে প্রায় ১০ মিনিট ফুটতে দিতে হবে। সবশেষে গুড় দিয়ে ভালোভাবে নাড়তে হবে, যতক্ষণ না গুড় সম্পূর্ণ গলে যায়।
এরপর চুলা বন্ধ করে তৈরি পানীয়টি কাপে ঢেলে ওপর থেকে বাদাম ও পেস্তাকুচি ছড়িয়ে দিতে হবে। ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু ও উষ্ণ বেসনের শিরা। শীতের সকালে কিংবা সন্ধ্যায় গরম গরম পরিবেশন করতে পারেন।
এই পানীয় গরম অবস্থায় পান করলে গলার অস্বস্তি সাময়িকভাবে কমতে পারে। তবে এটি কাশি বা গলাব্যথার চিকিৎসা নয়। অতিরিক্ত চিনি বা গুড় এড়িয়ে চলা ভালো। কাশি দীর্ঘস্থায়ী হলে, জ্বর বা শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।