দেশে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কোন ইউনিয়ন পরিষদে কোন তারিখে ভোট অনুষ্ঠিত হবে, তার বিস্তারিত তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
সোমবার (১৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় চার নির্বাচন কমিশনারসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, সাধারণত ভোটের প্রায় ছয় সপ্তাহ আগে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তা নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। ভোটের তারিখের ৩৮ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।
ইসির প্রাথমিক হিসাব অনুযায়ী, পাঁচ ধাপে দেশের মোট ৪৭৭টি উপজেলার ৪ হাজার ২৯০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে।
এর মধ্যে প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি, দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮ উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩ উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭ উপজেলার ৩৫৬টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে আগামী ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে। প্রতিটি ধাপের ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে বৃহস্পতিবার।
কোন ইউনিয়ন পরিষদ কোন ধাপে নির্বাচনের আওতায় পড়বে, তা আগামী ১৯ নভেম্বর বৃহস্পতিবার প্রকাশ করা হবে। এ ক্ষেত্রে উপজেলা সদর ও সদরসংলগ্ন ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
বিস্তারিত তালিকা প্রকাশের পরই সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোর ভোটের ধাপ ও তারিখ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।