কুষ্টিয়ার দৌলতপুরে নিজের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের দেওয়া বক্তব্যের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। বাড়িটিকে পরিত্যক্ত বলা এবং আগুনের সম্ভাব্য কারণ হিসেবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের বিষয়টি উল্লেখ করায় ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেওয়া ওই স্ট্যাটাসে নুসরাত অভিযোগ করেন, বাচ্চাসহ ছয়-সাতজন মানুষের বসবাস এবং একাধিক গবাদিপশু থাকা একটি বাড়িকে সংসদে দাঁড়িয়ে পরিত্যক্ত হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া পেট্রলের পোড়া গন্ধে ভরা ধ্বংসস্তূপকে শর্ট সার্কিটের ফলাফল হিসেবে উপস্থাপন করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
নুসরাত তাঁর স্ট্যাটাসে আরও লেখেন, কয়েক কোটি টাকার রাজকীয় ফ্ল্যাট না থাকলে অন্যের বসতবাড়িকে পরিত্যক্ত মনে হতেই পারে। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি কোনো জবাব চান না। বরং তাঁর ফেসবুকের বিএনপি সমর্থকদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, আওয়ামী লীগের লোকজন যদি এ হামলা করে থাকে, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কেন ঘটনাটিকে লঘু করে দেখানোর চেষ্টা করলেন?
স্ট্যাটাসে তিনি আরও প্রশ্ন তোলেন, তাঁর বাড়িতে সাতজন মানুষ ঘুমিয়ে থাকলে সেটি যদি পরিত্যক্ত হিসেবে বিবেচিত হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএস, ফার্মগেটের বাস কিংবা কমলাপুর রেলস্টেশনও কি পরিত্যক্ত হিসেবে গণ্য হবে? স্ট্যাটাসের শেষে ক্ষোভ প্রকাশ করে ‘ছিহ!’ লেখেন তিনি।
এর আগে বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে নুসরাতের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে যায়। আগুনে দুটি ছাগলও মারা যায়। এ ঘটনাকে পেট্রলবোমা হামলা বলে অভিযোগ করেন নুসরাত ও এনসিপির নেতারা।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে এ বিষয়ে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি জানান, অগ্নিকাণ্ডের সময় বাড়িটিতে কেউ বসবাস করতেন না। সেখানে দুটি ছাগল ও কিছু মালামাল ছিল। বাড়িটির বৈদ্যুতিক তার ও সংযোগ পুরোনো এবং দুর্বল থাকায় প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এটি নাশকতা কি না, তা নিশ্চিত হতে বিজিবি, ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে যৌথ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামও। তিনি দাবি করেন, বাড়িটিতে কেয়ারটেকারের পরিবারসহ নুসরাতের আত্মীয়স্বজন বসবাস করতেন। অগ্নিকাণ্ডে একটি শিশুও আহত হয়েছে। এ ছাড়া হামলার আগে নুসরাতকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
অন্যদিকে, নুসরাত এক সংবাদ সম্মেলনে দাবি করেন, তাঁর গ্রামের বাড়িটি কোনোভাবেই পরিত্যক্ত নয়। সেখানে পাঁচ-ছয় বছর ধরে একটি অসহায় পরিবার বসবাস করে আসছিল। বাড়িটি তাঁর দাদার তৈরি এবং সেখানেই তিনি ও তাঁর ভাই বেড়ে উঠেছেন। অগ্নিকাণ্ডে পরিবারের এক শিশু আহত হওয়ার পাশাপাশি গবাদিপশু ও হাঁস-মুরগির ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।
এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, নুসরাত ও এনসিপি নেতাদের অভিযোগ এবং প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের মধ্যে ভিন্নতা থাকায় যৌথ তদন্তের ফলাফলকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।