জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তবে এটি নাশকতামূলক কর্মকাণ্ড কি না, তা নিশ্চিত হতে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বুধবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগে। সীমান্ত থেকে প্রায় ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে অবস্থিত টিনশেড আধাপাকা ওই বাড়িতে কেউ বসবাস করতেন না। বাড়িটিতে দুটি ছাগল ও কিছু মালামাল ছিল। অগ্নিকাণ্ডে ছাগল দুটি মারা যায়।
তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে বিজিবি, ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে যৌথ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সংসদে বিজিবির প্রাথমিক তদন্ত প্রতিবেদন তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাস্থলে পেট্রোল বোমা বিস্ফোরণের কোনো শব্দ শোনা যায়নি। বাড়ির দেয়ালে বিস্ফোরকের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ছাড়া পেট্রোল বোমা ব্যবহারের বিষয়ে কোনো প্রত্যক্ষদর্শীর তথ্যও পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে পেট্রোল বোমা ব্যবহারের কোনো আলামত মেলেনি।
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, বাড়িটির বৈদ্যুতিক তার ও সংযোগ পুরোনো এবং দুর্বল ছিল। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এটি এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্ত নয়, বরং প্রাথমিক অনুমান। তদন্ত শেষ হলে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
তিনি জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, যার নম্বর ৭০৩। তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এ অগ্নিকাণ্ডের ঘটনা দ্রুত তদন্ত করে সংসদে প্রতিবেদন জমা দেওয়ার আহ্বান জানান।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর তদন্ত প্রতিবেদন পাওয়ার অপেক্ষা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।