সারাদেশে লাইসেন্সবিহীন ও অবৈধভাবে পরিচালিত সব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সেগুলো বন্ধ ও উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালতের আগের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে দাখিল করতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও সব বিভাগীয় কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে বৈধভাবে পরিচালিত ইটভাটার মালিকরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করেছেন আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) এর করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
আবেদনকারীর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এইচআরপিবির করা জনস্বার্থমূলক মামলায় ২০২২ সালের ১৩ নভেম্বর দেশের বিভিন্ন স্থানে লাইসেন্সবিহীন ইটভাটা উচ্ছেদের নির্দেশনা চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। পরবর্তী সময়ে ২০২৪ সালের ৪ মার্চ, ২৮ নভেম্বর এবং ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারির আদেশেও অবৈধ ইটভাটা অপসারণের কার্যক্রম সম্পন্ন করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল।
এদিকে, ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে আদালতের আদেশ সংশোধন করে জিগজ্যাগ প্রযুক্তিতে পরিচালিত ইটভাটাগুলোকে নির্দেশনার বাইরে রাখার আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশে সংশোধনী আনলেও অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশনা বহাল রাখেন।
পরবর্তী সময়ে ইটভাটার মালিকরা আদালতের আদেশের বিরুদ্ধে একাধিক আপিল করে স্থগিতাদেশ চাইলেও চেম্বার আদালত কোনো স্থগিতাদেশ দেননি। পরে আপিল বিভাগেও আপিলগুলো খারিজ হয়ে যায়।
সম্প্রতি অবৈধ ইটভাটার মালিকরা আবারও কার্যক্রম শুরুর চেষ্টা করছেন—এমন তথ্য পাওয়ার পর আগের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দাখিলের আবেদন করে এইচআরপিবি। বৃহস্পতিবার ওই আবেদনের শুনানি শেষে আদালত নতুন করে এ নির্দেশনা দেন।
শুনানিতে আবেদনকারীর পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, ২০২২ সালের পর একাধিকবার আদালত নির্দেশনা বাস্তবায়নের কথা বললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আংশিক পদক্ষেপের তথ্য দিয়ে প্রতিবেদন দাখিল করেছে। বর্তমানে ইটভাটার মৌসুম শুরু হওয়ায় অবৈধ ভাটাগুলো যাতে পুনরায় কার্যক্রম শুরু করতে না পারে, সে জন্য কার্যকর নির্দেশনা প্রয়োজন।
পরিবেশ অধিদপ্তরের পক্ষের আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ আদালতকে জানান, অধিদপ্তর এ মামলায় একাধিকবার হলফনামা দাখিল করেছে। তবে জেলা পর্যায়ে অভিযান পরিচালনার ক্ষেত্রে জেলা প্রশাসকদের কাছ থেকে সব সময় প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা পাওয়া যায় না। এ কারণে আদালতের নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসকদের সহযোগিতা নিশ্চিত করার আবেদন জানান তিনি।
অন্যদিকে, ইটভাটা মালিক সমিতির পক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন, জিগজ্যাগ প্রযুক্তিতে স্থাপিত ইটভাটাগুলো আইন মেনেই পরিচালিত হচ্ছে। তবে অনেক ক্ষেত্রে এসব ভাটাকে লাইসেন্স দেওয়া হচ্ছে না। এ বিষয়ে মালিক সমিতির পক্ষ থেকে পৃথক একটি রিট আবেদনও করা হয়েছে।
ওই মামলার শুনানি না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো নির্দেশনা না দেওয়ার আবেদন জানান তিনি। পাশাপাশি জিগজ্যাগ প্রযুক্তির ইটভাটাগুলো পরিবেশের ক্ষতি করছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করে দেখার সিদ্ধান্ত রয়েছে বলেও জানান তিনি।
শুনানিতে রিট আবেদনকারীর পক্ষে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. সারোয়ার আহাদ চৌধুরী, অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল ও অ্যাডভোকেট নাসরিন সুলতানা। ইটভাটা মালিকদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন মুনতাসির উদ্দিন আহমেদ।
আদালতের এ নির্দেশনার ফলে সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধ ও উচ্ছেদের কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর নতুন করে দায়িত্ব ও জবাবদিহি তৈরি হলো।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।