ঢাকার দোহারে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চার সদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দোহার থানা পুলিশ।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেনের সহযোগিতায় দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে দোহার থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দোহার উপজেলার শিলাকোঠা এলাকার মৃত তজমুল খানের ছেলে মো. মোনায়েম খান (৫৪), লটাখোলা এলাকার মৃত রজ্জব আলীর ছেলে মো. আনিছ মাহমুদ ওরফে আকাশ (৩৮), দক্ষিণ জয়পাড়া এলাকার হালিম মাহমুদের ছেলে সজল (৩২) এবং মধুরচর এলাকার মোহাম্মদ বেপারীর ছেলে তোতা বেপারী (৫২)।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে মোনায়েম খানকে কুসুমহাটি ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য, আনিছ মাহমুদ ওরফে আকাশকে দোহার উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাধারণ সম্পাদক, সজলকে সংগঠনটির সদস্য এবং তোতা বেপারীকে সুতারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে উত্তর মৌড়া এলাকার শেখ শামসুলের ছেলে মো. জলিল এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মুকসুদপুর এলাকার চোরক মৃধার ছেলে রনি মৃধা (৩৬) ও শিলাকোঠা এলাকার মোহাম্মদ সালামের ছেলে মো. রুবেল মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
সূত্র: দোহার থানা পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।