ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসে অবস্থিত নাসের হাসপাতালে ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামিক জিহাদ আন্দোলন। এ হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যায়িত করেছে সংগঠনটি।
এক বিবৃতিতে ইসলামিক জিহাদ জানায়, নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। তাদের দাবি, এ হামলা আন্তর্জাতিক আইন, মানবিক রীতিনীতি ও নৈতিকতার সব মানদণ্ডের সুস্পষ্ট লঙ্ঘন।
বিবৃতিতে সংগঠনটি আরও বলেছে, ‘তথাকথিত পিস কাউন্সিলকে আমরা ইসরায়েলের অব্যাহত লঙ্ঘন এবং এর পরিণতির জন্য সরাসরি দায়ী বলে মনে করি।’
ইসলামিক জিহাদ অভিযোগ করেছে, ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারত্ব ও সামরিক কর্মকাণ্ডের প্রতি রাজনৈতিক ও সামরিক সমর্থন অব্যাহত রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সংগঠনটির ভাষ্য, ‘দায়মুক্তির নীতি দখলদার শক্তিকে তাদের আগ্রাসন আরও বাড়াতে উৎসাহিত করছে।’
এ পরিস্থিতিতে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা ও হত্যাযজ্ঞ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক জিহাদ।
উল্লেখ্য, সংগঠনটির দাবি অনুযায়ী, খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি সামরিক বাহিনীর এটি সপ্তম হামলা।
সূত্র: আলজাজিরা
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।