বিদেশে চিকিৎসার জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার পর্যন্ত পাঠাতে পারবেন বাংলাদেশিরা। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার। একই সঙ্গে বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার খরচ পাঠানোর প্রক্রিয়াও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-২ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। এতে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর মাধ্যমে বিদেশে বৈদেশিক মুদ্রা পাঠানোর নিয়মে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
সার্কুলার অনুযায়ী, এখন থেকে বিদেশে চিকিৎসার জন্য এডি ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার অথবা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার। এ বিষয়ে গত ৩০ সেপ্টেম্বর জারি করা এফই সার্কুলার নম্বর ৪০-এর সংশ্লিষ্ট বিধান সংশোধন করা হয়েছে।
বিদেশে পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রেও নতুন সুবিধা চালু করা হয়েছে। আগে স্কুল পর্যায়ে পড়াশোনার খরচ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি প্রয়োজন হতো। নতুন নির্দেশনা অনুযায়ী, বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমমানের শিক্ষার জন্য এখন থেকে এডি ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। তবে সংশ্লিষ্ট দেশে বিনা মূল্যে শিক্ষার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করতে হবে ব্যাংকগুলোকে।
এ ছাড়া সার্টিফিকেশন ও পেশাগত কোর্সের পাশাপাশি চিঠিপত্রের মাধ্যমে পরিচালিত নিয়মিত একাডেমিক কোর্সের খরচও বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই বিদেশে পাঠানো যাবে।
সার্কুলারে আরও বলা হয়েছে, বিদেশ ভ্রমণ, চিকিৎসা ও শিক্ষাসহ বিভিন্ন ব্যক্তিগত প্রয়োজনে বৈদেশিক মুদ্রা পাঠানোর সুযোগ সম্প্রসারণ করা হয়েছে। তবে বিদেশ থেকে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা এনে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবে জমা রাখতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে কাস্টমস কর্তৃপক্ষের কাছে ফরম এফএমজেতে ঘোষণা দিতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন সিদ্ধান্তগুলো কার্যকর করতে প্রচলিত বৈদেশিক মুদ্রা বিধিমালার সংশ্লিষ্ট ধারাগুলো প্রয়োজন অনুযায়ী সংশোধিত বলে গণ্য হবে। তবে এ বিষয়ে বিদ্যমান অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে বিদেশে চিকিৎসা ও শিক্ষার ব্যয় নির্বাহে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং বৈধ পথে বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রক্রিয়া আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।