ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুকে কারাগারের কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে এ রিট করা হয়।
রিটে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন), জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং ঝিনাইদহ কারাগারের জেল সুপারকে বিবাদী করা হয়েছে।
রিট দাখিলের পর বিকেল ৩টায় হাইকোর্ট এলাকার সোনালী ব্যাংক চত্বরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এ সময় বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর অভিযোগ করেন, সংবাদ সংগ্রহের সময় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও গ্রিন টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি অরিত্র কুন্ডুকে মব সৃষ্টি করে মারধর করা হয়।
পরে তার বিরুদ্ধে চাঁদাবাজির ঘটনা সাজিয়ে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে কারাগারের কনডেম সেলে রাখা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি ও মানবাধিকার লঙ্ঘনের শামিল।
তিনি বলেন, এ ঘটনার প্রতিকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা এবং কারাগারে রাখার আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট পিটিশন দাখিল করা হয়েছে। সাংবাদিক অরিত্র কুন্ডু যেন ন্যায়বিচার পান, সে প্রত্যাশা করছেন তারা।
তিনি আরও জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে গত ১ নভেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল। তবে কার্যকর কোনো পদক্ষেপ না পাওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছেন তারা।
প্রেস ব্রিফিংয়ে বিএমএসএফের আইন উপদেষ্টা অ্যাডভোকেট কাওসার হোসাইন বলেন, বাংলাদেশের প্রচলিত কারা আইন ও জেল কোড অনুযায়ী সাজাপ্রাপ্ত এবং বিচারাধীন বন্দিদের পৃথক ওয়ার্ডে রাখার বিধান রয়েছে। সাংবাদিক অরিত্র কুন্ডু বিচারাধীন মামলার আসামি হওয়ায় তাকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিদের জন্য নির্ধারিত কনডেম সেলে রাখার কোনো আইনগত সুযোগ নেই বলে তারা মনে করেন।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ দেওয়ার পরও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা আদালতের শরণাপন্ন হয়েছেন। এখন ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন।
প্রেস ব্রিফিংয়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, অর্থ সম্পাদক সোহেল পারভেজ, কেন্দ্রীয় নেতা মরিয়াম আক্তার মারিয়া, এমদাদুল হক স্বপন, নাজির হোসেনসহ ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় হাইকোর্টের পরবর্তী নির্দেশনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যের অপেক্ষায় রয়েছেন সাংবাদিক নেতারা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।