খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে বাসটির ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় অন্তত এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, আগুন লাগার সময় বাসের ভেতরে চালকের সহকারী (হেলপার) ঘুমিয়ে ছিলেন। ভোর ৪টার কিছু আগে বাসের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে, এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এম এন আবছার। তিনি এ ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনকে দায়ী করে প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলেছেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।
অন্যদিকে, পুলিশের প্রাথমিক ধারণা, ভোররাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় বাসের হেলপার ভেতরে ছিলেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে অন্তত এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এর পেছনে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।