ফুলের তোড়া, ব্যানার, স্লোগান আর করতালিতে মুখরিত হয়ে উঠল মোংলা বন্দর। শ্রমিকদের চোখেমুখে দেখা গেল নতুন প্রত্যাশার ঝিলিক। উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশে শুক্রবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত হলো মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান।
শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, বন্দরের উন্নয়ন ত্বরান্বিত করা এবং মালিক-শ্রমিকের মধ্যে সুসম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় নিয়ে আগামী মেয়াদের জন্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে নবনির্বাচিত কমিটি।
৬ নভেম্বর শুক্রবার সকাল ১১টায় অনুষ্ঠানের প্রধান অতিথি নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম অনুষ্ঠানস্থলে পৌঁছালে সিবিএর পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে তাঁকে শুভেচ্ছা জানানো হয়। এ সময় স্লোগান ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুল আলম (মনা)। এ ছাড়া সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মোংলা বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি ট্রাফিক ম্যানেজার মো. সোহাগ। পরে বক্তব্য দেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, সাবেক মেয়র ও মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী। তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এরপর এক আবেগঘন পরিবেশে নবনির্বাচিত প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) শেখ মামুনুর রহমান। শপথ গ্রহণ শেষে নতুন কমিটির সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং তাঁদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেন, “শ্রমিকরাই দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি। সরকার সবসময় শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণে কাজ করে যাচ্ছে। এই অঞ্চল তথা মোংলা বন্দরের উন্নয়নকে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।”
তিনি আরও আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটি মালিক ও শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে বন্দরের উন্নয়নে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, “সিবিএকে যোগ্য নেতৃত্ব গঠনে ভূমিকা রাখতে হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চাবিকাঠি শ্রমিকরা। বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি বলেন, “মালিক ও শ্রমিক একে অপরের পরিপূরক। তাই উভয়ের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে মোংলা বন্দরের উন্নয়নে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
মোংলা বন্দরকে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তুলতে সরকারের নেওয়া মহাপরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী নবনির্বাচিত সিবিএ নেতাদের উদ্দেশে বলেন, “বন্দরের বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র বিষয়গুলোকে উপেক্ষা করে দেশ ও মোংলা বন্দরের স্বার্থে মালিক-শ্রমিককে একসঙ্গে কাজ করতে হবে। বন্দরের কল্যাণে সবাইকে সর্বদা সজাগ থাকতে হবে।”
বক্তব্যের শেষে তিনি বিদায়ী কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় শ্রমিক নেতা, বন্দরের কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম ও মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা জেটির প্রবেশদ্বারের কাছে দুটি বৃক্ষরোপণ করেন।
পরে দেশ ও জাতির সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং সবার কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়েই শেষ হয় মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির জাঁকজমকপূর্ণ অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান।
নতুন নেতৃত্বের হাত ধরে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মপরিবেশের উন্নয়ন এবং মোংলা বন্দরের অগ্রযাত্রা আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন অনুষ্ঠানে উপস্থিত শ্রমিক ও অতিথিরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।