শহিদ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে টালবাহানা এবং মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় বারবার পেছানোর প্রতিবাদে রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। দ্রুত বিচার সম্পন্ন করার দাবিতে বুধবার (৪ নভেম্বর) বিকেলে শহরে পদযাত্রা ও পথসভা করেন সংগঠনটির নেতাকর্মীরা।
বিকেলে শহরের কলেজ গেট থেকে পদযাত্রাটি শুরু হয়ে বনরূপা সিএনজি স্টেশনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, রাঙামাটি হাদির পাঠশালার যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম এবং সদস্যসচিব বুলবুল হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
পথসভায় আব্দুল্লাহ আল জাবের বলেন, বাংলাদেশে যেন ভারতীয় আধিপত্যবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে জীবনের শেষ দিন পর্যন্ত মানুষকে সতর্ক করে গেছেন ওসমান হাদি। অথচ তাকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের প্রায় ১১ মাস পেরিয়ে গেলেও বিচার নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।
তিনি আরও বলেন, গতকাল পর্যন্ত এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ২১ বার পেছানো হয়েছে। তারা আর সময় বাড়ানোর পক্ষে নন। দ্রুত তদন্ত শেষ করে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান তিনি।
বর্তমান সরকারের সমালোচনা করে ইনকিলাব মঞ্চের এই নেতা বলেন, সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। একই সঙ্গে দেশ পরিচালনায়ও দক্ষতার পরিচয় দিতে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
পথসভা থেকে তিন দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে আগামী ১৮ ডিসেম্বর ঢাকার শাহবাগে অনুষ্ঠিতব্য ‘শহীদি সমাবেশে’ সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান আব্দুল্লাহ আল জাবের।
কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।