সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রসুলগঞ্জ বাজারে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ২ নম্বর পাটলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় রসুলগঞ্জ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পাটলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক হাজী শফিকুল আলম, আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মো. নূরুল আলম, সুপারভাইজার আওলাদ মিয়া এবং তথ্য সংগ্রহকারী সুলেমান আলী ও রেছনা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন পাটলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এম এ মতিন, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল বক্স, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আহমদসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় বিএনপি নেতৃবৃন্দ, দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে তথ্য সংগ্রহের কাজে সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ। এ কর্মসূচির সুবিধা পাওয়ার প্রকৃত যোগ্য ব্যক্তিরা যাতে কোনোভাবেই বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের প্রতারণা বা অনিয়ম যেন না ঘটে, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
পরে কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও সঠিক তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।