মুন্সীগঞ্জের সিরাজদীখানে ইটবাহী ট্রাকের চাপায় দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা দক্ষিণপাড়া দোতলা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন লতব্দী ইউনিয়নের রামানন্দন গ্রামের মৃত লেচু সরকারের ছেলে নেকবর সরকার (৬৫) এবং গয়াতলা দক্ষিণপাড়া এলাকার মৃত শহর আলী দেওয়ানের ছেলে মো. কাইয়ুম দেওয়ান (১০০)। আহত ব্যক্তির নাম হাশেম বেপারি (৭৫)। তিনিও একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ফজরের নামাজ আদায় শেষে তিনজন মসজিদের সামনে একটি দোকানে বসে গল্প করছিলেন। এ সময় সিরাজদীখান থেকে আসা ইটবাহী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে নেকবর সরকার ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত কাইয়ুম দেওয়ানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অন্যদিকে, আহত হাশেম বেপারি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
দুর্ঘটনায় আহত হাশেম বেপারি জানান, ফজরের নামাজ শেষে তারা তিনজন মসজিদের সামনে হাঁটাহাঁটি করছিলেন। পরে একটি দোকানে বসে গল্প করার সময় হঠাৎ একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে নেকবর সরকার ঘটনাস্থলেই মারা যান এবং তারা দুজন আহত হন। হাসপাতালে নেওয়ার পথে কাইয়ুম দেওয়ানের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান বলেন, সকালে স্থানীয় লোকজন এক বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় দুই বৃদ্ধ নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।