ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়ায় আগামী ৬ ও ৭ নভেম্বর দুই দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শিকারীপাড়া হাইস্কুল মাঠে আয়োজিত এ মাহফিলে দেশের বিশিষ্ট ইসলামি আলোচক ও আলেমরা পবিত্র কোরআনের তাফসির পেশ করবেন। মাহফিলের দ্বিতীয় দিন প্রধান আকর্ষণ হিসেবে তাফসির পেশ করবেন জনপ্রিয় ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান।
শিকারীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, মাহফিলের প্রথম দিন শুক্রবার (৬ নভেম্বর) তাফসির পেশ করবেন প্রফেসর মোখতার আহমাদ, মানিকগঞ্জের হাফেজ মাওলানা ক্বারী শেখ সিদ্দিকুর রহমান এবং হাফেজ ক্বারী আব্দুল ওয়াহাব দোহারী।
দ্বিতীয় দিন শনিবার (৭ নভেম্বর) তাফসির পেশ করবেন ইসলামিক স্কলার আবু ত্ব-হা মুহাম্মদ আদনান, হাফেজ মাওলানা ড. শহিদুল ইসলাম বারাকাতি এবং হাফেজ মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ মেজবাহ।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিশিষ্ট সমাজসেবক রনি আহম্মেদ লালন, সৌদিপ্রবাসী আব্দুল হাই বাচ্চু, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার এবং ফ্রান্সপ্রবাসী মনির হোসেনের।
আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এ ধর্মীয় আয়োজনে পবিত্র কোরআনের তাফসির, ইসলামের বিভিন্ন বিষয় এবং ধর্মীয় মূল্যবোধ নিয়ে আলোচনা করবেন আমন্ত্রিত আলেম ও ইসলামি আলোচকরা। মাহফিল সফল করতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।