‘ওয়ান আইডি–ওয়ান ওয়ালেট’ উদ্যোগ, নিরাপদ ডিজিটাল পরিচয়ব্যবস্থা ও অনলাইন আর্থিক লেনদেনের নিরাপত্তায় একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ
বাংলাদেশের ডিজিটাল রূপান্তর, সাইবার নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে সহযোগিতা জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে সুইডেন। একই সঙ্গে ‘ওয়ান আইডি–ওয়ান ওয়ালেট’ উদ্যোগ, নিরাপদ ডিজিটাল পরিচয়ব্যবস্থা, অনলাইন আর্থিক লেনদেনের নিরাপত্তা এবং নাগরিকবান্ধব ডিজিটাল সেবা সম্প্রসারণে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় দেশটি।
রোববার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে সৌজন্য বৈঠকে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সুইডেন দূতাবাসের প্রথম সচিব ওলি লুন্ডিন উপস্থিত ছিলেন।
বৈঠকে দুই দেশের মধ্যে ডিজিটাল প্রযুক্তি ও অবকাঠামোগত সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় ‘ওয়ান আইডি–ওয়ান ওয়ালেট’ উদ্যোগ, নিরাপদ ডিজিটাল পরিচয়ব্যবস্থা, অনলাইন আর্থিক লেনদেনের সুরক্ষা এবং নাগরিকদের জন্য সহজ ও নিরাপদ ডিজিটাল সেবা নিশ্চিত করার বিষয়টি।
এ সময় নিরাপদ ব্যাংকিং ও পরিচয়প্রযুক্তির ব্যবহার, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ডিজিটাল সেবা ও অবকাঠামোর সম্প্রসারণের পাশাপাশি নাগরিকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, বিশেষজ্ঞ, গণমাধ্যম, প্রযুক্তি প্রতিষ্ঠানসহ বিভিন্ন অংশীজনের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সাইবার নিরাপত্তা আইন প্রণয়নের উদ্দেশ্য মতপ্রকাশের স্বাধীনতা বা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা নয় বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, অনলাইন হয়রানি, অপপ্রচার, ক্ষতিকর কনটেন্ট এবং প্রযুক্তির অপব্যবহার মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নিশ্চিত করাই এ ধরনের আইনের মূল লক্ষ্য।
প্রস্তাবিত আইন ও নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতা, নাগরিক অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতার প্রতি পূর্ণ সম্মান রাখা হবে বলেও জানান তিনি।
অন্যদিকে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস বাংলাদেশের ডিজিটাল জনপরিকাঠামো উন্নয়ন এবং সাইবার নিরাপত্তা জোরদারে সুইডেনের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতার আগ্রহের কথা তুলে ধরেন।
তিনি বলেন, গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামো, টেলিযোগাযোগ, সাইবার নিরাপত্তা ও উচ্চপ্রযুক্তি খাতে সহযোগিতা এবং বিনিয়োগ সম্প্রসারণে পূর্বানুমেয় নিয়ন্ত্রক পরিবেশ, সমান প্রতিযোগিতার সুযোগ এবং বহুমুখী প্রযুক্তি অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বৈঠকে দুই দেশের মধ্যে প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা, উদ্ভাবন এবং বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।