সামান্য বৃষ্টিতেই কাদাপানিতে চলাচল বন্ধ, মরদেহ নিয়ে কবরস্থানে যেতেও পোহাতে হয় ভোগান্তি
ঢাকার নবাবগঞ্জ উপজেলার হাসনাবাদ ও মৌলভীডাঙ্গী গ্রামের কবরস্থানসংলগ্ন সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল অবস্থায় পড়ে আছে। খানাখন্দে ভরা কাঁচা সড়কটি সামান্য বৃষ্টিতেই কাদাপানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দুই গ্রামের বাসিন্দাদের। বিশেষ করে বর্ষা মৌসুমে কৃষিপণ্য পরিবহন, দৈনন্দিন চলাচল এমনকি মরদেহ কবরস্থানে নেওয়ার ক্ষেত্রেও ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দা আব্দুল কুদ্দুস ক্ষোভ প্রকাশ করে বলেন, “কত সরকার এলো আর গেল, কিন্তু সড়ক আর হলো না। বছরের পর বছর ধরে এই সড়কে দুর্ভোগ পোহাচ্ছি আমরা। সামান্য বৃষ্টি হলেই কাদাপানিতে চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়। এমনকি মানুষ মারা গেলেও কবরস্থানে মরদেহ নিয়ে যেতে কষ্ট করতে হয়।”
স্থানীয় সূত্রে জানা যায়, হাসনাবাদ-মৌলভীডাঙ্গী নদীর পাড় সড়ক থেকে দুই গ্রামের কবরস্থান পর্যন্ত বিস্তৃত এই সড়কটি এলাকাবাসীর চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে থাকায় পিচ্ছিল কাদার মধ্য দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের।
হাসনাবাদ গ্রামের বাসিন্দা মো. সাদ্দাম হোসেন বলেন, “বছরের মধ্যে এই সড়কটি আমরা তিন-চার মাস ব্যবহার করতে পারি। একটু পানি হলেই আর চলাচল করা যায় না। বর্ষাকালে তো সড়ক পানির নিচেই থাকে। হাসনাবাদ ও মৌলভীডাঙ্গী গ্রামের কেউ মারা গেলে মরদেহ নিয়ে ঘুরপথে যেতে হয়। অথচ সরাসরি সড়কটি সংস্কার করা হলে মাত্র পাঁচ মিনিটেই কবরস্থানে পৌঁছানো সম্ভব।”
একই এলাকার কৃষক নাসিম উদ্দিন বলেন, কৃষকদের উৎপাদিত ফসল ও অন্যান্য মালামাল পরিবহনের জন্য সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে পণ্য পরিবহনে অতিরিক্ত সময় ও শ্রম ব্যয় করতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ কয়েক গুণ বেড়ে যায়।
মৌলভীডাঙ্গী গ্রামের বাসিন্দা বৃদ্ধ আব্দুল সাত্তার বলেন, “সবচেয়ে বেশি কষ্ট হয় দুই কবরস্থানে মরদেহ দাফনের জন্য নেওয়ার সময়। সড়কের অবস্থা খারাপ থাকায় স্বাভাবিকভাবে মরদেহ নিয়ে যাওয়া যায় না।”
এদিকে স্থানীয় বাসিন্দা মো. সাঈদ, রানু বেগমসহ কয়েকজন অভিযোগ করেন, বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা সড়কটি সংস্কারের আশ্বাস দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। ফলে দীর্ঘদিন ধরে একই দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হচ্ছে এলাকাবাসীকে।
এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ নিরসনে দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নিতে হবে। স্থায়ী সমাধানের জন্য সড়কটি কংক্রিট (সিসি) অথবা পিচঢালাইয়ের মাধ্যমে নির্মাণ করা হলে হাসনাবাদ ও মৌলভীডাঙ্গী গ্রামের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে বলে আশা করছেন তারা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।