সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নিজ বাড়ির জ্বালানি রাখার ঘর থেকে নুরনবী (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার ২ নম্বর রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুরনবী ওই গ্রামের মৃত কেরামত আলীর ছেলে। তিনি পেশায় একজন তাঁতশ্রমিক ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।
পরিবারের সদস্যদের দাবি, নুরনবী বেশির ভাগ সময় বাড়ির বাইরে থাকতেন। ঘটনার আগের রাতেও তিনি বাড়িতে ছিলেন না। তবে শুক্রবার সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা বাড়ির জ্বালানি রাখার ঘরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে বেলকুচি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে এবং সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।