লিবিয়ার বিভিন্ন বন্দিশালায় আটক আরও ১৭২ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তাঁদের মধ্যে ১৮ জন অসুস্থ। বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাঁদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর ৬টায় তাঁদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লিবিয়ার মিসরাতা শহর থেকে দেশটির বেসরকারি বিমান সংস্থা বুরাক এয়ারের একটি ফ্লাইটে ১৭২ বাংলাদেশিকে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক পরিস্থিতিতে থাকা এসব বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফিরছেন।
প্রত্যাবাসনের আগে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল হাবীব উল্লাহ মিসরাতা শহরে দেশে ফেরার অপেক্ষায় থাকা বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় আয়োজিত ব্রিফিংয়ে রাষ্ট্রদূত অনিয়মিত অভিবাসনের ঝুঁকি এবং এর শারীরিক, মানসিক, আর্থিক, পারিবারিক ও সামাজিক ক্ষতিকর দিক সম্পর্কে তাঁদের সচেতন করেন। পাশাপাশি মানবপাচারকারী ও দালাল চক্রের প্রলোভনে পা না দেওয়ার জন্য সতর্ক করেন।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, লিবিয়ার বিভিন্ন বন্দিশালায় আটক এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী বিপদগ্রস্ত বাংলাদেশিদের নিরাপদ ও মানবিক প্রত্যাবাসন নিশ্চিত করতে দূতাবাস কাজ করছে।
এ কার্যক্রমের অংশ হিসেবে বেনগাজীর গানফুদা ও ত্রিপলীর তাজুরা বন্দিশালায় আটক বাংলাদেশিসহ অন্যান্য বিপদগ্রস্ত অভিবাসীদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে আইওএমের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রয়েছে।
এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) লিবিয়ার বিভিন্ন বন্দিশালায় আটক আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফেরেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।