খুলনার তেরখাদায় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তদের গুলিতে মো. রামীম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের পারহাজীগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রামীম বিশ্বাস মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। তিনি পারহাজী গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা সোয়া ১১টার দিকে সেনেরবাজার-মধুপুর সড়কের খান ব্রিকসের কাছে আয়নাল মোল্লার বাড়ির সামনে একটি ভ্যানে বসে ছিলেন রামীম বিশ্বাস।
এ সময় মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা পেছন থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তাঁর পাঁজরে বিদ্ধ হলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক আলামত সংগ্রহ করে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।
তবে হামলার কারণ এবং হামলাকারীদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।