ঢাকা মহানগরের সড়ক ও ফুটপাত দখল করে অবৈধ দোকান বসালে এখন থেকে সরাসরি মামলা দায়ের ও মালামাল ক্রোক করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
শনিবার (২৪ অক্টোবর) ডিএসসিসি আয়োজিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে বিশেষ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, সড়কে যানজট, যত্রতত্র ময়লা ফেলা এবং পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টির অন্যতম কারণ অবৈধ হকার ও ভাসমান দোকান। ঢাকাবাসীকে এসব দুর্ভোগ থেকে মুক্তি দিতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা জরুরি।
তিনি বলেন, মানবিকতার দোহাই দিয়ে সড়ক ও ফুটপাত দখল করে দোকান বসানোর কোনো সুযোগ নেই। ডিএসসিসির নির্ধারিত নিয়মের বাইরে দোকান বসালে মালামাল জব্দের পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে প্রশাসক জানান, আগামী সপ্তাহেই সেখানে পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। কোনো অবস্থাতেই সড়কে হকার বসতে দেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট করেন।
ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষার বিষয়ে মো. আবদুস সালাম বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতার বিকল্প নেই। কোথাও তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। রাজধানীর পরিবেশ রক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সচেতনতামূলক র্যালি ও প্রচারণা অব্যাহত থাকবে।
অভিযানকালে মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ের সামনে থাকা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) স্থানান্তরের বিষয়েও কথা বলেন ডিএসসিসি প্রশাসক। তিনি জানান, জনস্বার্থে সিআইডি কর্তৃপক্ষের অনুরোধে এসটিএসটি সরিয়ে সেখানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ওই এলাকার বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন একটি এসটিএস নির্মাণের কাজ চলছে, যা চলতি মাসের মধ্যেই শেষ হওয়ার কথা রয়েছে।
‘ক্লিনিং ডে’ উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযানটি সিআইডি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শান্তিনগর, কাকরাইল ও নয়াপল্টন হয়ে ফকিরাপুলে গিয়ে শেষ হয়। এ সময় ডিএসসিসি প্রশাসক বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং জমে থাকা বর্জ্য পরিষ্কার ও অবৈধ দোকান অপসারণের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
দিনব্যাপী এ কর্মসূচিতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ও মশক নিধনকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেন। এ ছাড়া বিভিন্ন ওয়ার্ডে মাইকিং ও সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।