বাগেরহাটের মোংলায় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি, সাম্য, ঐক্য ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
১৯ অক্টোবর সোমবার বেলা সাড়ে ১১টায় মোংলার কানাইনগর সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “আমরা আবহমানকাল ধরে হিন্দু, মুসলিম ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করে আসছি। আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করছি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’। তবে নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।”
তিনি আরও বলেন, বৈষম্যহীন ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে সহযোগিতা করতে হবে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ সরকারি বিভিন্ন সেবা থেকে কোনো সুবিধাবঞ্চিত মানুষ যেন বঞ্চিত না হন, সে বিষয়ে সবাইকে উদার ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। হতদরিদ্র নারীদের সংসার পরিচালনায় বিভিন্ন ধরনের সহায়তা দেওয়ার কথাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
উপকূলীয় এলাকার পরিবেশগত ঝুঁকির কথা তুলে ধরে শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় জনপদের মানুষ নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। এসব সমস্যা মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি উপকূলীয় এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে কাজ করা হচ্ছে।
নিজের দায়িত্ব পালনের বিষয়ে তিনি বলেন, “আমি আপনাদের টাকা-পয়সা চুরি করে খাব না। যেন কেউ আমাকে চোর বলতে না পারে।” এলাকার মানুষের সমস্যা ও প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
ধর্মীয় উৎসবের তাৎপর্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান সাম্য, শান্তি, সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে আসে। কিন্তু মানুষ অনেক সময় স্বার্থপর হয়ে পড়ে এবং নিজের পরিবারের বাইরে অন্যদের কথা চিন্তা করতে চায় না। এই মানসিকতা থেকে বেরিয়ে এসে সবাইকে সম্মিলিতভাবে সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হাওলাদার, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাংগঠনিক সম্পাদক শাকির হোসেন, বিএনপি নেতা শেখ রুস্তুম আলী, বাবুল হোসেন রনি, আ. হাকিম বাচ্চু, মো. নজরুল ইসলাম, বিএনপি নেত্রী কমলা বেগম ও আয়েশা সিদ্দিকা।
এ সময় পূজামণ্ডপে আগত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রতিমন্ত্রী।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।