ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পদ্মা রানী মাঝি (৪৮) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (সকালে) উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের চর খুলশী চক এলাকার শান্তিনগর-গোল্লা সড়কের পাশের একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত পদ্মা রানী মাঝি ওই এলাকার দয়াল মাঝির স্ত্রী। তিনি পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু হানিফ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, গত শনিবার সকালে সবজি বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন পদ্মা রানী। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
রোববার সকালে স্থানীয়রা শান্তিনগর-গোল্লা সড়কের পাশের একটি ঝোপে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ওসি আবু হানিফ বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলার ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া রাতে শেয়াল মরদেহের শরীরে কামড় দিয়েছে, এমন চিহ্নও রয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পদ্মা রানীকে হত্যা করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন।
এ ঘটনায় তদন্ত চলছে। পাশাপাশি জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।