শুভ মহালয়া ও শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে বাগেরহাটের মোংলায় শুরু হয়েছে উৎসবের আমেজ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে ঘিরে উপজেলার ছোট-বড় ৩৫টি পূজামণ্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি। এসব মণ্ডপে দেবী দুর্গার প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা।
আগামী ১০ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে দেবীর আবাহন হবে। এরপর ১৭ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব শুরু হবে। ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গাপূজা।
উৎসবের দিন যত ঘনিয়ে আসছে, মণ্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজও তত দ্রুত এগিয়ে চলছে। রোদ-বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রায় এক মাস আগে থেকেই প্রতিমা তৈরির কাজ শুরু করেছেন কারিগররা। এরই মধ্যে বাঁশ, কাঠ, খড় ও মাটি দিয়ে দেবী দুর্গাসহ লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমার প্রাথমিক কাঠামো তৈরির কাজ প্রায় শেষ হয়েছে।
মোংলা পৌরসভা ও উপজেলার ছয়টি ইউনিয়নের মোট ৩৫টি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি চলছে। এর মধ্যে পৌর এলাকায় ৪টি, ১ নম্বর চাঁদপাই ইউনিয়নে ৪টি, ২ নম্বর বুড়িরডাঙ্গা ইউনিয়নে ১০টি, ৩ নম্বর সোনাইলতলা ইউনিয়নে ৪টি, ৪ নম্বর মিঠাখালী ইউনিয়নে ৫টি, ৫ নম্বর সুন্দরবন ইউনিয়নে ২টি এবং ৬ নম্বর চিলা ইউনিয়নে ৬টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
বিভিন্ন পূজামণ্ডপ ও কারিগরদের কর্মশালা ঘুরে দেখা গেছে, প্রতিমা শিল্পীরা দিন-রাত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন। স্থানীয় ভাস্কররা জানান, কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় প্রতিমা তৈরিতে আগের তুলনায় লাভ কমে গেছে। একজন প্রতিমা শিল্পী জানান, বাঁশ, কাঠ, সুতলি ও এঁটেল মাটি কিনতেই ৪০ হাজার টাকা মূল্যের একটি প্রতিমা তৈরিতে ৩০ হাজার টাকার বেশি খরচ হয়ে যায়।
বৈরী আবহাওয়ার কারণে প্রতিমা তৈরির কাজে কিছুটা সমস্যা হলেও বর্তমানে রোদের কারণে দ্রুত প্রতিমা শুকিয়ে নেওয়া হচ্ছে। এরপর প্রতিমায় রং ও তুলির কাজ শুরু হবে।
মোংলা উপজেলা কেন্দ্রীয় বটতলা মন্দির কমিটির সভাপতি শ্রী পান্নালাল দে জানান, শারদীয় দুর্গোৎসব সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য প্রতিমা তৈরি থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি জোরেশোরে চলছে। ভক্তদের অংশগ্রহণে এবারও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব পালিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।