ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের কুলছুড়ু (আলমবাজার) গ্রামে বাবার বাড়ি থেকে মারুফা (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আলমবাজারে তার বাবার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মারুফা ওই গ্রামের বাসিন্দা হারুন শেখের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে মারুফার বিয়ে হয়। বিয়ের পর তিনি আর বাবার বাড়িতে আসেননি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দীর্ঘ দেড় বছর পর তিনি বাবার বাড়িতে আসেন। এর পরদিনই তার মরদেহ উদ্ধার করা হলো।
জানা গেছে, বিয়ের প্রায় তিন মাস পর মারুফার স্বামী জীবিকার জন্য বিদেশে চলে যান। বর্তমানে তিনি বিদেশেই অবস্থান করছেন। মারুফার স্বামীর বাড়ি মধুরচর এলাকায়।
মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের কেউ কেউ ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছেন। তবে মারুফার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।