আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের মোংলায় ৪ নম্বর মিঠাখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের খানজাহান আলী বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৪ নম্বর মিঠাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ রকিবুল ইসলামের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মো. সেলিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু হোসেন পানি, সাংগঠনিক সম্পাদক শাকিল হোসেন, সাংগঠনিক সম্পাদক মৃধা ফারুকুল ইসলাম এবং ৪ নম্বর মিঠাখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলম ফকিরসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যাকে মনোনয়ন দেবে, দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করবেন। দলের ঐক্য অটুট রাখতে হবে এবং নেতৃত্বের প্রতি আস্থা রাখতে হবে।
বক্তারা আরও বলেন, দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ যাচাই-বাছাই ও সার্বিক বিষয় বিবেচনা করে মনোনয়ন দেবেন। তাই মনোনয়নকে কেন্দ্র করে দলের অভ্যন্তরে কোনো ধরনের বিভেদ সৃষ্টি করা যাবে না। কেউ অধৈর্য হয়ে দলের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না।
তারা বলেন, ‘সরকার তখনই শক্তিশালী, যখন দল ঐক্যবদ্ধ থাকে। কেউ অধৈর্য হবেন না, দলের বাইরে চিন্তা করবেন না। গণতান্ত্রিক ব্যবস্থা থাকলে সবার সামনে সুযোগ আসবে। কিন্তু অস্থিরতা তৈরি হলে দল দুর্বল হয়ে পড়বে।’
সভায় বক্তারা দলীয় নেতাকর্মীদের পারস্পরিক সমন্বয় ও ঐক্য বজায় রেখে আগামী দিনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।