বাগেরহাটের মোংলায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, জনসচেতনতামূলক প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
১৩ সেপ্টেম্বর রবিবার সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগন্যাল টাওয়ার এলাকা থেকে এ কার্যক্রম শুরু করা হয়।
পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় তিনি নিজ হাতে মশক নিধন স্প্রে ছিটান এবং স্থানীয় জনসাধারণের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
অভিযানে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে গোলাম নুর জনি, বাবলু ভূঁইয়া, মাহবুবুর রহমান টুটুল, আব্দুল কাদের, আব্দুস সালাম ব্যাপারী ও কাজী ফারুক উপস্থিত ছিলেন।
এ সময় পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম শুরু করেছি। প্রথম দিনে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড থেকে মশক নিধন, জনসচেতনতা সৃষ্টি এবং লিফলেট বিতরণ করা হচ্ছে।”
তিনি বলেন, পর্যায়ক্রমে পৌরসভার সব ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হবে। প্রতিটি ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দকে ডেঙ্গু প্রতিরোধে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
জুলফিকার আলী আরও বলেন, “ডেঙ্গুতে এখানে এ পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। আর যাতে নতুন করে মৃত্যুর ঘটনা না ঘটে, সেজন্য আমাদের সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।”
ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন আয়োজকরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।