পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে ইঞ্জিনচালিত ট্রলার থেকে পড়ে মো. রকি (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় ট্রলারে থাকা আরও দুজনকে জীবিত উদ্ধার করেছে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে উপজেলার পাকশী এলাকায় হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর পিলারে একটি ইঞ্জিনচালিত ট্রলারের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও উদ্ধারকারী সূত্রে জানা গেছে, ঝিনাইদহের শৈলকুপা থেকে একটি দল ট্রলারে করে রাজশাহীতে পিকনিকে গিয়েছিল। পিকনিক শেষে ট্রলারে করে তারা শৈলকুপায় ফিরছিলেন। পথে পাকশী পদ্মা নদীতে হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর পিলারের সঙ্গে ট্রলারটির ধাক্কা লাগে। এতে ট্রলারে থাকা তিনজন নদীতে পড়ে যান।
খবর পেয়ে লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে মো. লিটন (৩৮) ও মো. ওয়াহাব (৪৫) নামের দুজনকে জীবিত উদ্ধার করা হয়। তবে মো. রকি (২২) এখনো নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ রকি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কবিরপুর এলাকার মৃত হাসান আলীর ছেলে। উদ্ধার হওয়া লিটন একই এলাকার বিদ্যুতের ছেলে। অপরজন মো. ওয়াহাব কুষ্টিয়া সদর উপজেলার আরুয়াপাড়া এলাকার বাসিন্দা।
লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম বলেন, পদ্মা নদীতে ট্রলার থেকে পড়ে তিনজন নিখোঁজ হয়েছিলেন। নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে দুজনকে জীবিত উদ্ধার করেছেন। একজন এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।