ভাদ্রের শুভ তিথিতে অধর্মের বিনাশ এবং ধর্মানুশীলনের মাধ্যমে জগতে শান্তি প্রতিষ্ঠার মহান বার্তা নিয়ে ঢাকার নবাবগঞ্জে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মাষ্টমী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার চরখলসী এলাকায় অবস্থিত শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরের উদ্যোগে ভাবগম্ভীর ও আনন্দঘন পরিবেশে ধর্মীয় শোভাযাত্রা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
‘কৃষ্ণাস্তু ভগবান স্বয়ম’—এই অমর বাণীকে অন্তরে ধারণ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ অবতারণ দিবস (জন্মাষ্টমী-২০২৬) উপলক্ষে বিকেলে চরখলসী শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়।
ভক্তদের সমবেত হরিনাম সংকীর্তন, উলুধ্বনি এবং কাঁসর-ঘণ্টার ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শোভাযাত্রায় বিভিন্ন বয়সী পুণ্যার্থী ও সনাতন ধর্মাবলম্বী ভক্তরা অংশ নেন। এ সময় রং-বেরঙের পোশাকে সজ্জিত হয়ে নারী-পুরুষসহ নানা বয়সী ভক্তদের অংশগ্রহণে শোভাযাত্রাটি উৎসবমুখর হয়ে ওঠে।
শোভাযাত্রায় অংশ নেওয়া ভক্তরা বলেন, প্রায় ৫২৫৩ বছর আগে শ্রীকৃষ্ণ যে মানবিকতা, ন্যায়, ধর্ম ও সত্যের বাণী প্রচার করেছিলেন, তা আজও সমাজ ও মানবজীবনের পথপ্রদর্শক। তাঁর আদর্শ অনুসরণ করলে সমাজ থেকে অন্যায়, অবিচার ও অশান্তি দূর করা সম্ভব বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
জন্মাষ্টমী উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বিশেষ পূজা-অর্চনা, গীতাপাঠ, প্রসাদ বিতরণ এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এতে বিপুলসংখ্যক ভক্ত অংশ নেন।
আগত ভক্তদের একটাই প্রার্থনা—শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা অনুসরণের মাধ্যমে পৃথিবীতে শান্তি, সম্প্রীতি ও মানবিকতা প্রতিষ্ঠিত হোক। একই সঙ্গে পৃথিবীর সকল জীবের শান্তি ও কল্যাণ কামনা করেন তাঁরা।
ভক্তদের প্রত্যাশা, শ্রীকৃষ্ণের শিক্ষা ও আদর্শকে ধারণ করে সমাজে অন্যায়-অবিচার দূর হবে এবং পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি ও শান্তি আরও সুদৃঢ় হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।