আগস্টকে ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাগেরহাটের মোংলায় পুলিশের বিশেষ টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেল থেকে পৌর শহরের গুরুত্বপূর্ণ চারটি পয়েন্টসহ বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মোংলা পৌর শহরের কলেজ মোড়, থানার কর্নার, বন্দর এলাকার বাসস্ট্যান্ড ও দিগরাজ এলাকায় স্থায়ী ও অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে বিভিন্ন যাত্রীবাহী ও অন্যান্য যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি অবৈধ যানবাহন শনাক্ত করার পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় মোংলায় নিয়মিত টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। মোংলার পাশাপাশি পার্শ্ববর্তী রামপাল উপজেলার তিনটি পয়েন্টেও চেকপোস্ট বসানো হয়েছে। মাদক, চোরাচালান, অবৈধ যান চলাচল এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য নিহত হন। আওয়ামী লীগ সরকারের আমলে দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হলেও ২০২৪ সালে ১৫ আগস্টের জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি বাতিল করা হয়। এ বছর দিনটিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি তৎপরতার অংশ হিসেবে মোংলায়ও নজরদারি বাড়ানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে চেকপোস্ট ও গোয়েন্দা টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।