বাগেরহাটে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ নুরজাহান বেগম (৪৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (৯ আগস্ট) বিকেলে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের বরকত ফিলিং স্টেশনের সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুরজাহান বেগম পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈচ্চাকাঠি (পশ্চিমপাড়া) এলাকায় বসবাস করেন।
বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (এসআই) মো. মিজানুর রহমান জানান, অভিযান চলাকালে নুরজাহান বেগমের হাতে থাকা একটি ভ্যানিটি ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় ব্যাগের ভেতরে থাকা ৫০টি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেট থেকে কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি জানান, প্রতিটি প্যাকেটে ২০০টি করে মোট ১০ হাজার পিস ইয়াবা ছিল। উদ্ধার করা ইয়াবার মোট ওজন এক কেজি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।
এ ঘটনায় নুরজাহান বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাগেরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।