বাগেরহাটের শরণখোলায় বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। এ মেডিকেল ক্যাম্পে ২৫৫ জন মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
সোমবার (৩ আগস্ট) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার মানুষের কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিতভাবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় সোমবার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস মোংলার ব্যবস্থাপনায় বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে ২৫৫ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয় এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হয়।
এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধ, মাদকবিরোধী সচেতনতা, দেশপ্রেম, শৃঙ্খলা এবং আইন মেনে চলার বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও উপকূলীয় এলাকার মানুষের কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।