সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এ ঘটনার জন্য প্রশাসনকে দায়ী করেছেন।
সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনার সময় ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। বিস্ফোরণের পর উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা ছোটাছুটি শুরু করেন। পরে তিনি মাইকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
ঘটনার পর রাত সোয়া ১০টার দিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম বলেন, সমাবেশের সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ার পরই এই ঘটনা ঘটে, যা পরিকল্পিত হামলার অংশ বলে তারা মনে করেন।
তিনি অভিযোগ করে বলেন, “এটি প্রশাসনের সহায়তায় ঘটেছে বলে আমরা মনে করি। আমাদের কর্মসূচি নস্যাৎ করতে পরিকল্পিতভাবে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে।”
নাহিদ ইসলাম আরও বলেন, অতীতে সাভার থেকেই তাদের কর্মসূচি শুরু ও শেষ হয়েছিল। এবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তিনি দাবি করেন, ঘটনায় তাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং এর সুষ্ঠু বিচার দাবি করেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের ঘটনার পরও তাদের রাজনৈতিক কর্মসূচি অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।