সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের উত্তর জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের দীর্ঘদিনের মুয়াজ্জিন মো. গোলাম কবিরকে ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে সম্মানজনক বিদায় জানিয়েছেন এলাকাবাসী।
পৌর শহরের ভবানীপুর গ্রামের বাসিন্দা মো. গোলাম কবির টানা ২৩ বছর ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে উত্তর জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেন।
তাঁর দীর্ঘ কর্মজীবনের প্রতি সম্মান জানিয়ে ৩ জুলাই জুমার নামাজের পর উত্তর জগন্নাথপুরবাসীর উদ্যোগে তাঁকে নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট এবং বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়।
পরে এলাকার যুবসমাজ ও মুসল্লিদের আয়োজনে ফুল দিয়ে সাজানো একটি গাড়িতে করে মোটরসাইকেল শোভাযাত্রাসহ তাঁকে মসজিদ প্রাঙ্গণ থেকে তাঁর নিজ বাড়ি ভবানীপুর গ্রামে পৌঁছে দেওয়া হয়।
এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উত্তর জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিরা বলেন, মো. গোলাম কবির দীর্ঘ ২৩ বছর অত্যন্ত দায়িত্বশীলতা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে মসজিদের সেবা করেছেন।
তাঁর অবদান এলাকাবাসী সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সুন্দর ভবিষ্যৎ জীবনের জন্য দোয়া করেন।
বিদায় সংবর্ধনায় আবেগাপ্লুত হয়ে মো. গোলাম কবির বলেন, “এমন ব্যতিক্রমী সম্মান ও ভালোবাসাপূর্ণ বিদায় পেয়ে আমি এলাকার যুবসমাজ ও মুসল্লিদের কাছে চিরকৃতজ্ঞ।
সবার কাছে আমার জন্য দোয়া চাই। মহান আল্লাহ যেন আমাকে জীবনের বাকি সময়ও সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার তৌফিক দান করেন।”
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।