রাজবাড়ীর পাংশা উপজেলার বাগলী-কসবামাজাইল ব্রিজসংলগ্ন এলাকায় একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুন) বিকেলে সরিষা, কসবামাজাইল, পাট্টা ও কলিমহর ইউনিয়নের সর্বস্তরের মানুষের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা বলেন, দক্ষিণাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন প্রয়োজন।
বক্তারা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের আগে কসবামাজাইল এলাকায় একটি অস্থায়ী পুলিশ ফাঁড়ি চালু ছিল। পরে সেটি প্রত্যাহার করা হয়। এরপর থেকে ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় প্রায়ই উত্তেজনা ও অস্থির পরিস্থিতি তৈরি হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি বেড়েছে।
তাদের দাবি, দক্ষিণাঞ্চলের মানুষের জানমাল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কসবামাজাইল এলাকায় দ্রুত একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন করা জরুরি।
এ সময় এলাকাবাসী প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ হারুনের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য দেন পাংশা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান মণ্ডল, ইউপি সদস্য ও যুবদল নেতা রাকিবুল ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম, আলমগীর হোসেনসহ আরও অনেকে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।