গাইবান্ধার সাঘাটা উপজেলায় শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২১ জুন) রাত সাড়ে ১০টার দিকে বোনারপাড়া ফায়ার স্টেশন সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাটি গ্রামের অভিযুক্ত মুকুল ও পলাশের বাড়িতে আগুন দেওয়া হয়। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর রাত পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
অভিযুক্তরা হলেন দুই ভাই মোকলেছুর রহমান মুকুল ও পলাশ। তারা ওই এলাকার জাহিদুল ইসলামের সন্তান। মুকুল বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আশরাফ খন্দকার (৩৬) নামে একজনকে আটক করেছে পুলিশ। অন্যরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
নিহত সাইফুল্লাহ বারী বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। তিনি শিমুলতাইড় গোরস্থানপাড়া গ্রামের হবিবার রহমান মওলানার ছেলে এবং রংপুরের সাতগাড়া মডেল কামিল মাদরাসার আল-কুরআন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
একই ঘটনায় আহত জামায়াতে ইসলামীর কর্মী সালাউদ্দিন বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের প্রতিবাদে সন্ধ্যায় স্থানীয় জামায়াত-শিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে নিহতের স্বজন ও এলাকাবাসীও অংশ নেন। পরে বিক্ষুব্ধরা অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিসের ২২ সদস্যের দল দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় সাড়ে ৮ লাখ টাকার ক্ষতি হয় এবং প্রায় ১৫ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয় বলে জানানো হয়েছে।
সাঘাটা থানার ওসি (তদন্ত) পবিত্র কুমার জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আশরাফ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।
এদিকে, ঘটনার প্রতিবাদে গাইবান্ধা জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। একই দাবিতে ঢাকাতেও কর্মসূচি পালন করা হয় এবং আগামীকাল নতুন করে বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, রোববার বিকেলে বোনারপাড়া বাজার এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় শাবল ও ছুরিকাঘাতে শিবির নেতা সাইফুল্লাহ বারী গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত সালাউদ্দিনকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।