ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা–মাওয়া মহাসড়কে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক যুবক নিহতের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ এবং ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন রাজু আহম্মেদ ওরফে লাল চাঁন (৩২), সজীব মৃধা (২৮) এবং জিহাদ মিয়া (২১)।
শুক্রবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস অ্যান্ড ট্রাফিক) মো. তরিকুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ১৬ জুন রাতে তরিকুল ইসলাম পবন (২৭) নামে এক যুবক বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে করে মাওয়া যাওয়ার পথে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারের ওপর অবস্থান করছিলেন। ওই সময় তার সঙ্গে ছিলেন বান্ধবী লামিয়া আক্তার। তারা বন্ধুদের জন্য অপেক্ষা করছিলেন।
এ সময় মোটরসাইকেলে করে আসা তিন ছিনতাইকারী তাদের লক্ষ্য করে হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে পবনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তার মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে লামিয়া আক্তারের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ছিনতাইকারীরা তার ভ্যানিটি ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় পবনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ঘটনার পর তদন্তের মাধ্যমে আসামিদের শনাক্ত করে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মালামাল ও ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।