সুনামগঞ্জের জগন্নাথপুরে নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত নারীর পরিচয় শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন) দুপুরে জগন্নাথপুর পৌর শহরের স্লুইসগেট সংলগ্ন নলজুর নদীতে আনুমানিক ৩২ থেকে ৩৫ বছর বয়সী এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা বিষয়টি জগন্নাথপুর থানাকে অবহিত করেন।
খবর পেয়ে জগন্নাথপুর থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় পুলিশ সুরতহাল প্রতিবেদনও প্রস্তুত করে। প্রতিবেদন লেখা পর্যন্ত ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি। মরদেহটি বর্তমানে জগন্নাথপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে।
স্থানীয়দের ভাষ্যমতে, মৃত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাকে জগন্নাথপুর বাজার, কলকলিয়া বাজারসহ উপজেলার বিভিন্ন হাট-বাজার এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত।
এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”
পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় নিশ্চিত হওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।