বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অফস্পিনার নাঈম হাসান অভিযোগ করেছেন, গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ধারী কয়েকজন ব্যক্তি তাকে মারধর ও হেনস্তা করেছেন। শুক্রবার (১২ জুন) গভীর রাতে চট্টগ্রামের লালখানবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি।
২৬ বছর বয়সী এই ক্রিকেটার জানান, ঢাকায় প্রিমিয়ার লিগের খেলা শেষে বিমানযোগে চট্টগ্রামে ফেরেন তিনি। বিমানবন্দর থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাসায় যাওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে লালখানবাজার ফ্লাইওভারের নিচে তার গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়।
নাঈমের অভিযোগ, এ সময় সাদা পোশাকধারী একজন ব্যক্তি ও ইউনিফর্ম পরিহিত দুই পুলিশ সদস্য তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং পরে তাকে শারীরিকভাবে নির্যাতন করেন।
ঘটনার বর্ণনা দিয়ে নাঈম বলেন, “আমার প্রিমিয়ার লিগে খেলা চলছিল। ফ্লাইট বিলম্ব হওয়ায় রাত করে চট্টগ্রামে পৌঁছাই। বিমানবন্দর থেকে সিএনজি নিয়ে বাসায় ফিরছিলাম। লালখানবাজার ফ্লাইওভারের নিচে সিএনজি থামিয়ে চালকের কাগজপত্র নেয় পুলিশ। আমি তাদের বলি, প্রয়োজন হলে আমার ব্যাগও তল্লাশি করতে পারেন।”
তিনি আরও দাবি করেন, কোনো কারণ ছাড়াই তাকে জোরপূর্বক একটি গাড়িতে তোলার চেষ্টা করা হয়। নিজের পরিচয় দেওয়ার পরও পরিস্থিতির উন্নতি হয়নি।
নাঈম বলেন, “আমাকে গলা চেপে ধরে গাড়িতে উঠতে বলা হয়। আমি প্রতিবাদ করে বের হয়ে আসার চেষ্টা করলে আরও মারধর করা হয়। সেখানে দুইজন পুলিশ সদস্য ছিলেন। আরেকজন পাঞ্জাবি পরা ব্যক্তি ছিলেন, যিনি নিজের কোনো পরিচয় দেননি। তিনি পাইপ দিয়ে আমাকে আঘাত করেন।”
জাতীয় দলের এই ক্রিকেটারের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে উপস্থিত বহু মানুষ তাকে চিনতে পেরে তার পরিচয় নিশ্চিত করলেও অভিযুক্তরা তাকে ‘আসামি’ বলে সম্বোধন করে মারধর চালিয়ে যান। এমনকি জাতীয় পরিচয়পত্র দেখানোর পরও পরিস্থিতির পরিবর্তন হয়নি বলে অভিযোগ করেন তিনি।
পরবর্তীতে তাকে খুলশি থানায় নেওয়া হয়। পরে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি বাসায় ফেরেন।
মোবাইল ফোন ফিরে পাওয়ার পর বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালকে জানান নাঈম। পরে তামিম সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং নাঈমের বাবার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।
ঘটনার পর সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নাঈম। তিনি বলেন, “আমার জায়গায় যদি কোনো সাধারণ মানুষ থাকত, তাহলে হয়তো কেউ প্রশ্নও করত না। মানুষের নিরাপত্তা যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেই নিশ্চিত না হয়, তাহলে সেটা খুবই উদ্বেগের বিষয়।”
উল্লেখ্য, গত পাঁচ বছর ধরে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলছেন নাঈম হাসান। তিনি আসন্ন জিম্বাবুয়ে সফরের টেস্ট দলেও জায়গা পেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।