সাংবাদিক আমিনুর রহমান জিলুর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জগন্নাথপুর প্রেসক্লাব।
সোমবার (৯ জুন) বিকেল ৩টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনুর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেবের সঞ্চালনায় কর্মসূচিটি পরিচালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল, ক্রীড়া সম্পাদক হুমায়ূন কবির, সদস্য হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলী হোসেন খান, উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শেখ আবু মিয়া, সাবেক মেম্বার আব্দুল করিম গেদন এবং সমাজসেবক লিমন ভূঁইয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক গোলাম সারোয়ার, কার্যকরী সদস্য আলী আহমদ, সদস্য জুয়েল মিয়া, শাহ এস এম ফরিদ, বিএনপি নেতা আব্দুল মান্নান, স্বেচ্ছাসেবক দল নেতা শফিকুল ইসলাম খেজুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ।
বক্তারা বলেন, জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি আমিনুর রহমান জিলু দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। তাঁরা অভিযোগ করেন, যথাযথ তদন্ত ছাড়াই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক। সাংবাদিকতার মর্যাদা রক্ষার স্বার্থে তাঁকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, গত ২ জুন উপজেলা সদরের থান রোড এলাকায় অবস্থিত তাঁর কর্মস্থল থেকে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাঁকে আটক করে। পরে জগন্নাথপুর গ্রামের জহিরুল ইসলাম লাল মিয়ার দায়ের করা একটি মামলার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। মামলাটি সিলেট সাইবার ট্রাইব্যুনালে দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।